জলবিভাজিকা




সময়ের সাথে সাথে নদীগুলি ক্রমশ ক্ষয় করে তাকে
তার উচ্চতা ও প্রশস্ততা ধীরে ধীরে কবিতার কথা বলে

ক.

আখক্ষেতের নীচে সরু আলপথে খপ্ খপ্ করে হাঁটছি,
এখন বর্ষাকালীয় হাঁটার চেয়ে কঠিন কিছু নেই আমার

অথচ, চেয়েছিলাম দুজনে মিলে দোয়াব তৈরি করব -
তুমি আগ্রা আমি এলাহাবাদ.........

সত্যি কথা বলতে,
এরপর গ্রিন-সিটি প্রকল্পের বাঁধানো ঘাটে বসে
বিশ্রামরত উন্নয়নের সাথে আলোচনা 
                                                আমাকে মানায় না

ব্যক্তিগতভাবে বৃষ্টিপাত হলে আমি তুমুল হয়ে উঠি,
ঘাসের রক্তের গন্ধ আমাকে বেসামাল করে রাখে ভোর

খ.

শূন্য বিঘৎ আয়ুর সামনে দাঁড়িয়ে পার্বত্য জল, দূরবীন
ফুটনোটের নির্যাস চোষে ~ চকচকে বাদামি চেতনালাভ

সাথেই থাকে লাইসোজোম
প্যারালাল হিমমিশ্রের আন্তরিকতায় জমিদখল জবরদখল
একের পর এক ভূমিরূপ, গন্ধমাদন পর্বতের মলাট খোলায়
যতটা বাহাদুরি চোখে পড়ে ততটা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নয়

অথচ, দুপুরবেলার সিঁড়ি বলে দেয় - ক্লিপে আঁটা রামধনু
আর যাই হোক আমাদের বুকে খুঁড়ে দেওয়া বিভাজন চায়

গ.

ফেরিওয়ালার কঙ্কাল ছুঁয়ে দ্যাখো - শুনতে পাবে
ষোড়শ মহাজনপদের ইতিকথা, পরিত্যক্ত ছায়ায়
চিনে নিতে পারো গতরাতের ময়ূর ~ ধ্যাবড়ানো কাজল

নানান রঙের মুখের মলাটে তীব্র দূষিত শহরতলির জল
হুড খোলা হৃৎপিণ্ডের প্রতি প্রকোষ্ঠে উথালপাতাল করে
থিকথিক করে পুরুষ শ্বাসের কার্বন, কার্বাইডের মাল,
রেডিয়াস-আলনা বেয়ে নেমে আসে অ্যাড্রিনালিন রোদ

ঠোঁটের পাতায় যতটা ভয় লেগে থাকে ততটাই তন্তুশিরা
টানটান শুয়ে থাকে সমস্ত বৃষ্টিফেরত জলবিভাজিকায়
                        _________________

Sourav Bardhan
Santipur, Nadia
M: 8016071520

Comments

Popular posts from this blog

লেডি বাটন্

ঘোটকী পুরাণ কাহীনি

বনচাঁড়ালের রিপোর্ট : পজিশন 69