হসপিটাল ও একটি গোলাপ





হসপিটাল ও একটি গোলাপ দীর্ঘদিন আমার ঠোঁটে
বাঁধিয়ে রেখেছে খয়েরী অ্যাম্বুশ রঙের প্রতীক্ষা...
আমার সতর্কবাণী শোনেনি কখনও, বিপুল পূর্ণতা নিয়ে
ধুয়ে দিয়েছে বালুতট, যন্ত্রনামুখর দিনবদল আর শিরায়
সবুজ থেকে ক্লোরোফিল, লাল থেকে হিমোগ্লোবিন কেড়ে
অথবা নীল থেকে হিমোসায়ানিন ছিঁড়ে নিয়েছে কিনা আমি
জানি না; তবে জেনেছি রাতের সমুদ্র কেমন হয়, কেমন
হয় নতুন প্রমিক-ফুল, চালকবিহীন প্রান্তর থেকে এতো
রক্তপাত কেন ছুটে আসে আমার কোমর পেঁচিয়ে --- তা
জানবার অপেক্ষা আমায় করতে হয়েছে বিনিদ্র রাত।
তাতেই চলৎশক্তিহীন হসপিটাল হাঁটুগেড়ে দিয়েছে আমায়
একটি গোলাপ এবং পাঁচিল টপকে যাওয়া গোধূলি রং।
তাতেই অগণ্য পালক বুলিয়ে দিয়েছে আদর : হয়তো তাই
ধুলোর কাছে হ্যারিকেন জ্বাললে তুমি ভাবো ঝড়, পুরনো
সংসার খুলে দ্যাখো ঝাড়বাতি লন্ঠন ঠিক আছে কিনা সব,
সূর্যের ঘড়িতে তখনও মোরগ ডাকে না, তুমি কিংবা আমি
যেন ভেবেছি যেখানে যেখানে ফোটে গোলাপ এবং স্থল,
ফোটে টগবগে শীতঘুম সেখানে জোনাকির সঞ্চিত ফসল
থেকে একটা একটা করে তৃষ্ণা মেটাতে হবে অথবা স্তূপ
অন্ধকার শুষে নেওয়া সিরিঞ্জ থেকে নিরাপদ দূরত্ব রেখে
সহজতর ঘুমের গন্ধে সেরে উঠি ভাব হাতে রাখতে হবে -
তাই কি নির্নিমেষ বিশ্বাস...  ... ...!  বাদ দাও

এখন এসো
ভোর হয়ে যাই, এসো হেঁটেচলে বেড়াই একটু মাঠে... ...


©সৌরভ বর্ধন

Comments

Popular posts from this blog

লেডি বাটন্

ঘোটকী পুরাণ কাহীনি

বনচাঁড়ালের রিপোর্ট : পজিশন 69